ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

গার্ডার দুর্ঘটনা: সব আসামির জামিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩৯, ২৬ সেপ্টেম্বর ২০২২
গার্ডার দুর্ঘটনা: সব আসামির জামিন
ফাইল ফটো

রাজধানীর উত্তরায় প্রাইভেটকারের ওপর নির্মাণাধীন ফ্লাইওভারের গার্ডার পড়ে একই পরিবারের ৫ জন নিহতের ঘটনায় আসামি ট্রাফিকম্যান মো. রুবেলকে জামিন দিয়েছে আদালত। বৃহস্পতিবার তার জামিন মঞ্জুর করে ঢাকা মহানগর হাকিম মো. মইনুল ইসলামের আদালত।

এ নিয়ে এ মামলায় ১০ আসামিই জামিন পেলেন। সোমবার সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা গেছে।

আদালত সূত্রে জানা যায়, আসামি রুবেলের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন মঞ্জুর করে।

Advertisement

এ মামলায় গত ২২ আগস্ট হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশনস মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার ও প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধার জামিন মঞ্জুর করে আদালত।

গত ২৫ আগস্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ ও মো. মঞ্জুরুল ইসলাম আদালত থেকে জামিন পান। এরপর ২৯ আগস্ট ক্রেনচালক মো. আল-আমিন হোসেন ওরফে হৃদয় ও রাকিব হোসেন এবং ৩১ আগস্ট আসামি মো. আফরোজ মিয়াকে জামিন দিয়েছে আদালত।

উল্লেখ্য, গত ১৫ আগস্ট বিকেলে উত্তরার প্যারাডাইজ টাওয়ারের সামনে ক্রেন থেকে গার্ডার ছিটকে পড়ে প্রাইভেটকারের পাঁচ যাত্রী নিহত হন। ঐ ঘটনায় গুরুতর আহত হলেও প্রাণে বেঁচে যান গাড়িতে থাকা নবদম্পতি। ঘটনার রাতেই নিহত ফাহিমা আক্তার ও ঝরণা আক্তারের ভাই মো. আফরান মণ্ডল বাবু বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় এ মামলা করেন। এরপর ১৭ আগস্ট রাতে ঢাকা, গাজীপুর, সিরাজগঞ্জ ও বাগেরহাট থেকে আসামিদের গ্রেপ্তার করা হয়।

গত ১৯ আগস্ট ক্রেনচালক মো. আল-আমিন হোসেন ওরফে হৃদয়, রাকিব হোসেন, ঠিকাদারি প্রতিষ্ঠানের সেফটি ইঞ্জিনিয়ার মো. জুলফিকার আলী শাহ’র চারদিন করে রিমান্ড করে আদালত। এছাড়া দুর্ঘটনাস্থলে নিরপাত্তার দায়িত্বে নিয়োজিত ফোর ব্রাদার্স গার্ড সার্ভিসের ট্রাফিকম্যান মো. রুবেল, মো. আফরোজ মিয়া, হেভি ইকুইপমেন্ট সরবরাহের দায়িত্বে নিয়োজিত প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. ইফতেখার হোসেন, হেড অব অপারেশনস মো. আজহারুল ইসলাম মিঠু, ক্রেন সরবরাহকারী প্রতিষ্ঠান বিল্ড ট্রেড কোম্পানির মার্কেটিং ম্যানেজার তোফাজ্জল হোসেন ওরফে তুষার, প্রশাসনিক কর্মকর্তা রুহুল আমিন মৃধা ও মো. মঞ্জুরুল ইসলামের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!