সাকিবকে পা ছুঁয়ে সালাম করা সেই ভক্তের মুক্তি
ভারতের বিপক্ষে চলমান টেস্টে গ্যালারি থেকে লোহার গ্রিল টপকে মাঠে ঢুকে বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসানকে সালাম করে এক তরুণ। পরে তাকে আটক করা হয়।
অবশেষে সেই ভক্তের জামিন মঞ্জুর করেছেন আদালত।
শনিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম এ আদেশ দেন।
.png)
শুক্রবার (২৩ ডিসেম্বর) স্টেডিয়াম এলাকা থেকে আরাফাত নামে ঐ তরুণকে আটক করে পুলিশ। এদিন তাকে আদালতে হাজির করা হয়। এ ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মিরপুর মডেল থানার উপপরিদর্শক মনির হোসেন খান।
আসামিপক্ষে আইনজীবী খাদেমুল ইসলাম জামিনের আবেদন করেন। জামিন শুনানিতে তিনি বলেন, ঐ তরুণ সাকিবের একনিষ্ঠ ভক্ত। তিনি গ্রাম থেকে এসেছেন। তাই নিরাপত্তার বিষয়টি বুঝতে পারেননি। পরবর্তী ফলাফল চিন্তা না করেই আবেগবশত গ্রিল টপকে মাঠে প্রবেশ করে সাকিবের পা জড়িয়ে ধরেন।
আইনজীবী খাদেমুল বলেন, এখানে আরাফাতের কোনো খারাপ উদ্দেশ্য ছিল না। তার কাছ থেকে অবৈধ কোনো কিছু উদ্ধারও করা হয়নি। তাই আসামির জামিনের প্রার্থনা করছি।
শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকা মুচলেকায় আরাফাতের জামিন মঞ্জুর করে আদেশ দেন।
ঘটনার বিবরণ থেকে জানা গেছে, ঢাকা টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করছিল ভারতীয় দল। কিন্তু ম্যাচের ৬৮তম ওভারের আগমুহূর্তে ঘটে ঐ ঘটনা। সেই ওভার করার জন্য বল হাতে প্রস্তুতি নিচ্ছিলেন মেহেদী হাসান মিরাজ। আর ক্রিজে ছিলেন রিশভ পান্ট।
এসময় পয়েন্টে ফিল্ডিং করছিলেন সাকিব। সেসময় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পূর্ব গ্যালারির নিরাপত্তা প্রাচীর পেরিয়ে মাঠে ঢুকে পড়েন আরাফাত। দৌড়ে সাকিবের কাছে চলে আসেন তিনি।
কিন্তু টাইগার অধিনায়ক কোনো প্রতিক্রিয়া দেখানোর আগেই নিরাপত্তা কর্মীরা তাকে মাঠের বাইরে নিয়ে যান। এজন্য কিছুক্ষণ খেলাও বন্ধ থাকে।