ফায়ার সার্ভিসের ওপর হামলা: প্রতিবেদন দাখিল ২১ জুন
রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস সদর দফতরে ফায়ার ফাইটারদের ওপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে ২১ জুন দিন ধার্য করেছেন আদালত।
বুধবার মামলার প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মামলার তদন্তকারী কর্মকর্তা বংশাল থানার উপ-পরিদর্শক সমীরন মণ্ডল প্রতিবেদন দাখিল করতে না পারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারাহ দিবা ছন্দার আদালত প্রতিবেদন দাখিলের নতুন এদিন ধার্য করেন।
এর আগে, বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে আনার সময় ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলা ও ১৪টি গাড়ি ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করে ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহিন আলম গত ৭ এপ্রিল বংশাল থানায় মামলা করেন।
মামলার এজাহারে বলা হয়, ফায়ার সার্ভিসের সদর দফতরে হামলায় সরকারি সম্পত্তির ব্যাপক ক্ষতিসাধন হয়। অতর্কিত এ হামলায় ভাঙচুর করা হয় ফায়ার সার্ভিসের বিভিন্ন মডেলের ১৪টি গাড়ি, মেন গেটের সেন্ট্রি পোস্ট, প্রশাসনিক ভবন ও সিনিয়র স্টেশন অফিসারের অফিস। হামলায় আনুমানিক ক্ষতির পরিমাণ ৩৯ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। হামলায় সিনিয়র কর্মকর্তাসহ আহত হন ফায়ার সার্ভিসের চার সদস্য।