ঢাকা,  বৃহস্পতিবার   ০১ অক্টোবর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ আইন-আদালত ]

নিখোঁজের দুই দিন পর সন্ধান মিলল ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৯, ১ অক্টোবর ২০২৬
নিখোঁজের দুই দিন পর সন্ধান মিলল ফটোসাংবাদিক বাদল দাস কারাগারে
সংগৃহীত ছবি

দুই দিন ধরে নিখোঁজ থাকার পর গাঁজাসহ দৈনিক নবচেতনার ফটোসাংবাদিক বাদল দাসকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, মঙ্গলবার রাজধানীর মতিঝিল এলাকা থেকে বাদল দাসসহ আরও ছয়-সাতজনকে আটক করা হয়। বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

Advertisement

তিনি জানান, মতিঝিল এলাকায় বাদল দাসসহ কয়েকজনকে হাতেনাতে আটক করে ডিবি। পরে তাদের আদালতে হাজির করা হলে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

এর আগে সোমবার থেকে বাদল দাসের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না জানিয়ে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তার বন্ধু ও রুমমেট ফটোসাংবাদিক সুজিত শেখ বাবু। তখন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আলম জানিয়েছিলেন, বাদলের নিখোঁজের বিষয়ে জিডি হয়েছে এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

বাদলের সহকর্মীরা জানান, নিখোঁজের পর তার ব্যবহৃত মোবাইল ফোনটি কক্ষেই পড়ে থাকতে দেখা যায়। এর মধ্যে একটি অজ্ঞাত নম্বর থেকে সুজিত শেখ বাবুর কাছে ফোন করে জানানো হয়, বাদল ডিবির হেফাজতে রয়েছেন। পরে তিনি মতিঝিল থানা ও ডিবি কার্যালয়ে যোগাযোগ করেন।

তবে ওই সময় পুলিশের পক্ষ থেকে বাদলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়নি। ডিবি পরিচয়ে যে নম্বর থেকে ফোন করা হয়েছিল, সেটিতে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বুধবার ডিবির পক্ষ থেকে বাদলকে আটকের বিষয়টি নিশ্চিত করা হয়।

বাদল দাস পটুয়াখালী সদর উপজেলার ৩৫ সদর রোড নতুন বাজার এলাকার বাসু দেব দাসের ছেলে। তিনি রাজধানীর গুলিস্তানে শিশু কল্যাণ পরিষদ ভবনে থাকতেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!