রিমান্ড শেষে আখতারুজ্জামান কারাগারে
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করার অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে।
রোববার (৪ অক্টোবর) দুপুর সোয়া ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলমের আদালত শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
.png)
এর আগে এক দিনের রিমান্ড শেষে দুপুর ১টার দিকে আখতারুজ্জামানকে আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে দুপুর আড়াইটার দিকে তাকে কঠোর পুলিশি নিরাপত্তায় আদালতের এজলাসে তোলা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদনে উল্লেখ করেন, এক দিনের রিমান্ডে আখতারুজ্জামানকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মামলার তদন্ত ও ঘটনার বিভিন্ন বিষয় যাচাই-বাছাই চলছে। এ অবস্থায় তাকে কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
অন্যদিকে আখতারুজ্জামানের আইনজীবীরা তার জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে ঘটনার জেরে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা করা হয়। এজাহারে বিমানবন্দরের নির্বাহী পরিচালকসহ সংশ্লিষ্টদের সঙ্গে বাগবিতণ্ডা, হুমকি, নিরাপত্তাকর্মীর সঙ্গে অসদাচরণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ আনা হয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়।
২ অক্টোবর রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে বিমানবন্দর থানার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ৩ অক্টোবর আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।