ঢাকা,  মঙ্গলবার   ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩

[ আইন-আদালত ]

দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৫, ২০ অক্টোবর ২০২৬
দিলীপ আগরওয়ালার ৩ দিনের রিমান্ড চায় সিআইডি
সংগৃহীত ছবি

অবৈধ উপায়ে প্রায় ৬৭৮ কোটি ১৯ লাখ টাকার সোনা ও হীরা কেনাবেচা এবং অর্থপাচারের (মানি লন্ডারিং) মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগরওয়ালাকে ৩ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। মঙ্গলবার (২০ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির উপপরিদর্শক মো. আশরাফুল হাসান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এই আবেদন জানান।

এর আগে সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে সিআইডি। এজাহার সূত্রে জানা যায়, ২০০৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডায়মন্ড ওয়ার্ল্ড এলসির মাধ্যমে মাত্র ৩৮ কোটি ৪৭ লাখ টাকার সোনা ও হীরা আমদানি করলেও স্থানীয় বাজার থেকে ৬৭৮ কোটি টাকার বেশি সোনা ও ডায়মন্ড কেনাবেচা করেছে। সিআইডির অনুসন্ধানে এই বিপুল পরিমাণের অবৈধ উৎস বা বৈধ কোনো নথিপত্র দেখাতে ব্যর্থ হয় প্রতিষ্ঠানটি।

এর আগে ২০২৪ সালের সেপ্টেম্বরে র‍্যাবের হাতে গ্রেপ্তার হয়ে একাধিক হত্যা মামলায় দীর্ঘ এক বছর কারাভোগের পর চলতি বছরের ১ অক্টোবর জামিনে মুক্তি পেয়েছিলেন দিলীপ কুমার আগরওয়ালা। জামিনে বের হওয়ার ২০ দিনের মাথায় ফের অর্থপাচার ও চোরাচালানের মামলায় সিআইডির হাতে গ্রেপ্তার হলেন তিনি।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!