ফুটবল বিশ্বকাপের ফাইনাল ম্যাচ দেখার আগে করণীয়
রাত নয়টায় টেলিভিশনে সম্প্রচার হবে কাতার বিশ্বকাপ ২০২২-এর ফাইনাল ম্যাচ। ফুটবলপ্রেমী বাঙালিকে সেই সময়ে টিভির সামনে থেকে নড়ায় কার সাধ্য! একসঙ্গে বন্ধুদের নিয়ে ম্যাচ দেখার আয়োজন করছেন অনেকেই। তবে খেলার একটি মুহূর্তগুলো যেন আরো ভালো কাটে সেজন্য আরো কিছু কাজ এগিয়ে রাখতে পারেন।
উদ্দেশ্য খেলা দেখা হলেও অতিথি বাড়িতে আসবে মানে ঘরবাড়িও তো গুছিয়ে রাখা প্রয়োজন। বাড়ির যে জায়গায় বসে খেলা দেখবেন বলে পরিকল্পনা করেছেন, সেই জায়গাটি গুছিয়ে রাখুন। অন্তত একসঙ্গে সবাই যাতে স্বস্তিতে বসতে পারেন, সেই ব্যবস্থাটি করে ফেলুন। হাতে সময় থাকলে ঘরগুলো একটু সাজিয়ে নিতে পারেন।
>>শীতকাল বলে ঠান্ডা পানীয় খাওয়ার প্রশ্ন নেই। কিন্তু গরম গরম চা, কফি তো থাকতেই পারে। খেলার মাঝে বার বার উঠে চা, কফি বানানো ঝামেলা। তাই দুই টি বড় ফ্লাস্কে চা আর কফি বানিয়ে আগে থেকে তৈরি করে রাখুন। তা হলে আর খেলা দেখা ছেড়ে চা করতে ওঠার চিন্তা থাকবে না।
>>সন্ধ্যায় খেলা হলেও উত্তেজনায় বিকেল বিকেল হয়তো চলে আসবেন অনেকে। জমিয়ে খেলা দেখতে বসার আগে আলোচনা, হইহুল্লোড়, গল্পগুজব চলবে। কিন্তু এই উত্তেজনা, আবেগ কি শুধু খালি মুখে চলবে? শুধু তো চা নয়, সঙ্গে ‘টা’ চাই। খেলা দেখতে দেখতে মুখ না চালালে চনমনে ভাব আসবে কীভাবে? চিপস, চানাচুর তো আছেই, তাছাড়া বন্ধুদের মন জয় করতে আরো কী খাবারের ব্যবস্থা করতে পারেন? আনন্দবাজার অবলম্বণে জেনে নিন:
আলু টিক্কি পিৎজা
এই খাবার খেতেও সুস্বাদু, আবার বানানোরও ঝামেলা একেবারে নেই। সকালে বাজার থেকে পিৎজা পাউরুটি আর আলু টিক্কি কিনে আনতে পারেন। বন্ধুরা এলে গরম গরম টিক্কিগুলি ভেজে নিয়ে পিৎজা পাউরুটির মাঝখানে বসিয়ে একটু সস ঢেলে পরিবেশন করুন।
সসেজ
সহজে বানিয়ে নেয়া যায়। শুধু ফ্রিজ থেকে বার করে ডোবা তেলে ভেজে নিলেই হল। তবে আগে থেকে ভেজে রাখবেন না। খেলা শুরুর আগে ভাজুন। গরম সসেজে কামড় দিতে দিতে বিশ্বকাপ দেখার মজাই আলাদা।
মাখানা
ভুট্টা, মাখানা অনেকেই ভালবাসেন খেতে। গোলমরিচ, মাখন দিয়ে ভাজলে মাখানাও কিন্তু দারুণ সুস্বাদু খেতে লাগবে।
পকোড়া
ঘরেই বানিয়ে নিতে পারেন নানা ধরনের পকোড়া। বাড়িতে মুরগির মাংস থাকলে তো কথাই নেই। আগে থেকে পুর বানিয়ে রাখুন। খেলা শুরুর আগে ভেজে নিন। টম্যাটো সসের সঙ্গে গরম গরম পকোড়ায় জমে যাবে রবিবারের ফুটবল বিশ্বকাপের সন্ধ্যা।
চিপস
বাইরের প্যাকেটজাত চিপসে লবণ বেশি থাকে। সেগুলো খেতে না চাইলে বাড়িতে পাতলা করে আলু কেটে চটপট চিপস বানিয়ে নিতে পারেন। সেটা হয়তো বাজারচলতি চিপসের মতো খেতে হবে না, তবে গোলমরিচ গুঁড়ো, বিটলবণ ছড়িয়ে পরিবেশন করলে মন্দ লাগবে না।