ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ লাইফস্টাইল ]

হীরার গয়নার যত্ন

লাইফস্টাইল ডেস্ক
প্রকাশিত: ১২:১৮, ৪ আগস্ট ২০২৪
হীরার গয়নার যত্ন
অলংকরণ: ডেইলি বাংলাদেশ

গয়নার কদর প্রাচীনকাল থেকেই। এটি পরতে ভালোবাসেন না এমন নারী কমই আছেন। আবার তা যদি হয় হীরার তাহলে তো কথাই নেই। বর্তমানে হীরার গয়না বেশ সহজলভ্য। তাই অনেকেই নিজের সংগ্রহে রাখতে চান এ গয়না। যেমন মূল্যবান এ গয়না ঠিক তেমনই যত্নও প্রয়োজন এটি ভালো রাখতে। শখের তোলা আশি টাকা, কথাটি হীরার জন্য একদমই জুতসই।

শখের এ গয়নার যত্ন নেবেন কীভাবে জেনে নিন― 

১. ঘরবাড়ি পরিষ্কার বা ধুলো ঝাড়ার সময়ে হীরার গয়না পরে থাকবেন না। রান্নাঘরের কাজ করছেন যখন, তখন সাধের হীরার আংটিখানি খুলেই রেখে দেবেন। না হলে হীরাতে তেলমশলা, পানি লাগতে-লাগতে গয়নার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে।

Advertisement

২. বর্ষাকালে যে কোনো ধাতুর গয়নাতেই আর্দ্রতা জমে যায়। তাই এই সময় দরকার ঠিক মতো গয়নার যত্ন। হীরার গয়না সব সময়েই আলাদা বাক্সে রাখবেন। বাকি গয়নার সঙ্গে মিশিয়ে রাখবেন না। সেই বাক্সে রেখে দিতে পারেন সিলিকা জেল, যা অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে।

৩. মুখে-হাতে যখন ক্রিম মাখছেন, তখন হীরার গয়না খুলে রাখবেন। মেকআপ করার সময়েও তাই। কারণ ক্রিম বা মেকআপের রাসায়নিক হীরার রং ফিকে করে দেবে।

৪. বাইরে ঘুরতে গিয়ে যদি সমুদ্রে গোসল করেন, তাহলে আগে হীরার গয়না খুলে রাখবেন। সুইমিং পুলে নামার আগেও তাই। সমুদ্রের নোনা পানি বা সুইমিং পুলের ক্লোরিন মিশ্রিত পানি হীরার গয়নার উজ্জ্বলতা কমিয়ে দেয়।

৫. হীরার গয়না সব সময়ে নরম মসলিন কাপড়ে মুড়ে রাখাই ভালো। গয়না এমন জায়গায় রাখবেন না, যেখানে খুব রোদ আসে। ভিজে, স্যাঁতসেঁতে জায়গাতেও হীরার গয়না রাখা ঠিক নয়।

৬. হীরার গয়না পরিষ্কার করারও নিয়ম আছে। পরিষ্কার পানিতে তরল সাবান মিশিয়ে গয়না ভিজিয়ে রাখুন কয়েক ঘণ্টা। তারপর পানি থেকে তুলে নরম সুতির কাপড় বা ব্রাশ দিয়ে খুব ধীরে ধীরে পরিষ্কার করুন। তাতেই ময়লা বেরিয়ে যাবে। গয়না শুকনো করে মুছে নিয়ে তবেই বাক্সে ঢোকাবেন।

৭. বেকিং সোডা দিয়েও হীরার গয়না পরিষ্কার করা যাবে। ১-২ চামচ বেকিং সোডা নিন। তাতে অল্প পানি দিয়ে মিশ্রণ তৈরি করুন। এবার গয়নাগুলি সেই মিশ্রণে ডুবিয়ে রাখুন ঘণ্টা খানেক। এরপর ঠান্ডা পানিতে ধুয়ে নিলেই হবে। নতুনের মতো উজ্জ্বল দেখাবে গয়না।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!