অন্য সময় না হলেও বিয়েবাড়িতে একটু সোনার গয়না না পরলে ঠিক চলে না। আলমারি খুলে গয়নাগুলি বের করতেই কপালে হাত! সাধের গয়নাগুলি কেমন যেন কালো লাগছে! দীর্ঘদিন লকারে থেকেই এই হাল হয়েছে গয়নাগুলির। এখন উপায়? অনেকেই বাড়িতে সাবান দিতে সোনার গয়না পরিষ্কার করেন। তাতে গয়নার গায়ে জমে থাকা ধুলো-ময়লা উঠে যেতে পারে সহজেই। কিন্তু সোনার উজ্জ্বলতা ধরে রাখতে পারে না সাবান। তবে সৌন্দর্য অটুট রাখতে কিছু পদ্ধতি অনুসরণ করতে পারেন।
কীভাবে ফিরবে সোনার গয়নার উজ্জ্বলতা
.png)
১. সাবানের পরিবর্তে রিঠা ব্যবহার করে দেখুন। দোকান থেকে কিছুটা রিঠা কিনে এনে তা আগুনে পুড়িয়ে নিন। তাতে রিঠা থেকে কষ বেরিয়ে আসবে। এবার বেশ কিছুটা পানিতে সেই রিঠা ভিজিয়ে রাখতে হবে। সেই পানিতেই কিছুক্ষণ পরে নিজের সব গয়না ভিজিয়ে দিন। তারপরে গয়না ভেজানো পানি আগুনে বসিয়ে সামান্য গরম করে নিন। তারপরে একটি ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিন নিজের গয়না। একেবারে নতুনের মতো ঝলমল করবে পছন্দের গলার হার, কানের দুল।
২. এছাড়াও সোনার গয়না পরিষ্কার করতে হলুদও ব্যবহার করতে পারেন। ফুটন্ত পানিতে বেকিং সোডা দিয়ে সোনার গয়নাগুলি মিনিটখানেক ফুটিয়ে নিন। এবার একটি পাত্রে দু’চামচ হলুদ নিয়ে সামান্য পানি দিয়ে একটি ঘন মিশ্রণ বানিয়ে নিন। এবার মিশ্রণটি সোনার গয়নার গায়ে মাখিয়ে নিয়ে মিনিট পাঁচেক পর ব্রাশ দিয়ে ঘষে ময়লা পরিষ্কার করে নিন। ঠান্ডা পানিতে ধুয়ে ভালো করে শুকনো করে নিলেই চকচকে হয়ে যাবে সোনার গয়না।