ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

নাগালের বাইরে যাচ্ছে ডিম, বাজারে সবজির দাম চড়া (৬ জুন ২০২৪)

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:১৬, ৬ জুন ২০২৪
নাগালের বাইরে যাচ্ছে ডিম, বাজারে সবজির দাম চড়া (৬ জুন ২০২৪)
ফাইল ফটো

নিত্যপণ্যের বাজার ঊর্ধ্বমুখী। বেড়েছে শাক-সবজি, মসলা ও ডিমের দাম। তবে চাল, ডাল, আটা-ময়দা, মাছ, মাংস আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে। শাক-সবজির দাম বাড়ার পেছনে ঘূর্ণিঝড় রেমালে ক্ষেতের ক্ষয়ক্ষতি ও সরবরাহের ঘাটতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার রাজধানীর রামপুরা ও মোহাম্মদপুর এলাকার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, ৫০ টাকার নিচে কোনো সবজিই মিলছে না। টমেটো বিক্রি হচ্ছে ৮০-১০০ টাকায়। গত সপ্তাহে ৫০ টাকার আলু বিক্রি হচ্ছে ৬০ টাকায়। প্রতিকেজি বেগুন ৬০-৮০ টাকা, কাঁচা পেঁপে ৭০-৮০, শসা ৬০-৭০ টাকায় বিক্রি হচ্ছে। পটল, ঢেঁড়শ, চিচিঙ্গা, ঝিঙে ৫০-৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কাঁচা মরিচ আগের মতোই ১৬০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির চড়া দামের কারণ জানতে চাইলে মোহাম্মদপুর টাউন হল বাজারের সবজি বিক্রেতা রুহুল আমিন বলেন, ঝড়ে সবজি খেত তছনছ হয়েছে। বাজারে সবজির সরবরাহ অনেক কমেছে। তাই দাম বাড়তি।

Advertisement

সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, রসুন ও আদার মতো নিত্য প্রয়োজনীয় মসলার দাম কেজিতে বেড়েছে প্রায় ১০-৩০ টাকা। প্রতি কেজি দেশি পেঁয়াজ ৮০-৯০ টাকায়। প্রতিকেজি দেশি রসুন ২০০-২২০ টাকা এবং আমদানি করা রসুন ২২০-২৪০ টাকায় বিক্রি হচ্ছে। আদার দাম বেড়েছে সবচেয়ে বেশি। প্রতিকেজি দেশি আদা বিক্রি হচ্ছে ৪০০-৪৫০ টাকায়। আর আমদানি করা আদা ২৫০-২৬০ টাকায় পাওয়া যাচ্ছে। জিরা, দারুচিনি, এলাচ, লবঙ্গের মতো আমদানিনির্ভর মসলার দাম কেজিতে ২০-২০০ টাকা পর্যন্ত বেড়েছে।

ব্যবসায়ীরা বলছেন, পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে দাম বাড়ছে। আর রসুন, আদা, জিরা, দারুচিনি, লবঙ্গ এলাচের দাম বৃদ্ধির মূল কারণ ডলারের দাম বেড়ে যাওয়া। তবে ব্যবসায়ীদের দাবিকে ক্রেতারা অজুহাত বলে মনে করছেন।

কারওয়ান বাজারে আমিনুল ইসলাম নামের এক ক্রেতার সঙ্গে কথা হলে তিনি বলেন, ঝড় আর ডলারের দাম বৃদ্ধি এসব অজুহাত মাত্র। সামনে ঈদ। এ জন্য আগে থেকেই সবকিছুর দাম বাড়িয়ে নেয়া হচ্ছে।

দীর্ঘদিন ধরে চড়া ডিমের দাম এ সপ্তাহে আরো কিছুটা বেড়েছে। সপ্তাহের ব্যবধানে ডজনপ্রতি ডিম ৫ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে। বাজারে এখন প্রতি ডজন ফার্মের লাল/বাদামি ডিম বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকায়। হালি হিসেবে কিনতে গেলে ৫০-৫৫ টাকার নিচে ডিম পাওয়া যাচ্ছে না। পাড়ার কিছু কিছু মুদি দোকানে ৬০ টাকা হালি হিসেবেও ডিম বিক্রি হচ্ছে।

ঊর্ধ্বমুখী বাজারে মাংসের দাম নতুন করে আর বাড়েনি। এ সপ্তাহে আগের মতোই প্রতি কেজি ব্রয়লার ২০০-২৩০ টাকা দরে বিক্রি হতে দেখা গেছে। গরুর মাংসও ৭৫০-৮০০ টাকা কেজিতে স্থির রয়েছে। আর খাসির মাংস বিক্রি হচ্ছে ১১০০-১২০০ টাকা কেজিতে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!