ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ বাজার দর ]

চড়া সবজির বাজারে কাঁচামরিচের ঝাঁজ একটু কমেছে 

অর্থনীতি প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৫৬, ৭ জুলাই ২০২৪
চড়া সবজির বাজারে কাঁচামরিচের ঝাঁজ একটু কমেছে 
ফাইল ফটো

বৃষ্টির অজুহাতে সবজির দাম গত কয়েকদিন ধরেই চড়া। সেই চড়া দাম এখনও আছে। কাঁচামরিচের দাম ত্রিপল সেঞ্চুরি কারার পর ঝাঁজ একটু কমেছে। তিন শ টাকার কিছু নিচে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এ ছাড়া অন্যান্য নিত্যপণ্যের দাম প্রায় আগের মতোই রয়েছে।

রোববার সকালে সরেজমিন রাজধানীর উত্তরা ও মিরপুরের বেশ কয়েকটি বাজার এবং কারওয়ান বাজার ঘুরে ক্রেতা এবং বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।

বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেশিরভাগ সবজির দামই ৭০ থেকে ১০০ টাকার মধ্যে। আবার কিছু সবজির কেজিপ্রতি দাম শতকও ছাড়িয়েছে। কাঁচা মরিচের কেজি ২৩০ থেকে ২৬০ টাকায় বিক্রি হচ্ছে।

Advertisement

এ ছাড়া চাল, ডাল, ভোজ্যতেল ও চিনির মতো নিত্যপণ্যগুলো আগের চড়া দামেই বিক্রি হতে দেখা গেছে।

বাজারে পেঁয়াজ কেজিপ্রতি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১১০ টাকায়। এছাড়া দেশি হাইব্রিড জাতের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা দরে। 

এদিকে টানা বৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, যেসব এলাকা থেকে সবচেয়ে বেশি সবজি আসে সেই এলাকাগুলোতে কয়েকদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, কিছু জায়গায় বন্যার পানিও জমেছে। এসব কারণে সবজির জোগান কমে যাওয়ায় বেড়েছে দাম।

কয়েকজন ক্রেতার সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি কিংবা বন্যা ছাড়া অন্যান্য সময়েও নিত্যপণ্যের দাম বাড়ে। আবার কখনো কোনো কিছুর ভালো উৎপাদন হলেও বাজারে দাম কমে না। ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম বাড়ছে।

এদিকে বাজারে সবজির মধ্যে সবচেয়ে বেশি দাম বেড়েছে বরবটি, গাজর, বেগুন, কচুরমুখি ও করলার। প্রতি কেজি বরবটি ১০০ থেকে ১২০ টাকা, কচুরমুখি, বেগুন ও করলার কেজি ৮০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে। 

এ ছাড়া কাকরোলের কেজি ৮০ থেকে ১০০, পটল ও ঢ্যাঁড়শ ৬০ থেকে ৭০, ধুন্দল ও চিচিঙ্গা ৬০ থেকে ৮০ টাকা, কাঁচা পেপে ৫০ থেকে ৬০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। গাজরের কেজি ১০০ থেকে ১৫০ টাকা ও টমেটো ২০০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৬০ থেকে ৭০ টাকা দরে। গত সপ্তাহে আলুর কেজি ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে দাম প্রায় আরো ৫ টাকা বেড়েছে।

বাজারে ডিমের দাম অপরিবর্তিত রয়েছে। প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। প্রতি কেজি ব্রয়লার বিক্রি হচ্ছে ১৭০ থেকে ১৮০ টাকা দরে। সোনালি জাতের মুরগির কেজি ৩২০ থেকে ৩৪০ টাকায় কেনা যাচ্ছে। এ ছাড়া গরুর মাংসের কেজি কোথাও ৭৫০ কোথাও ৮০০ টাকার মধ্যে রয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বাজারদর
লিংক সফলভাবে কপি হয়েছে!