মঙ্গলবার নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত সাত সদস্যের তদন্ত কমিটি ঘটনাস্থল পরিদর্শন শেষে এ সিদ্ধান্ত নেয়। ওইদিন সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঘটনাস্থলে গণশুনানি হওয়ার কথা জানায় তদন্ত কমিটি।
জানা গেছে, শীতলক্ষ্যায় পণ্যবাহী জাহাজের ধাক্কায় ‘সাবিত আল হাসান’ নামে মুন্সিগঞ্জগামী একটি লঞ্চ যাত্রীসহ ডুবে যায়। এ ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় গঠিত ৭ সদস্যের তদন্ত কমিটি আগামী সাতদিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে।
.png)
কমিটির আহ্বায়ক নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবদুছ ছাত্তার শেখ। কমিটিতে সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিচালক (নৌ-নিরাপত্তা ও ট্রাফিক) মো. রফিকুল ইসলাম।
কমিটিকে দুর্ঘটনাস্থল এবং দুর্ঘটনাকবলিত নৌযান পরিদর্শন করে ১৯৭৬ সালের বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল অধ্যাদেশের ক্ষমতাবলে দুর্ঘটনার কারণ উদঘাটন এবং দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তি/সংস্থাকে শনাক্ত করতে হবে। এছাড়া দুর্ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণ করে সুনির্দিষ্ট সুপারিশ দেবে।
এর আগে রোববার রাতে শীতলক্ষ্যায় লঞ্চডুবির পর গত দুই দিনে ৩৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।