ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, স্থানীয় সতর্ক সংকেত

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ১২:০৩, ৬ ডিসেম্বর ২০২১
ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনা, স্থানীয় সতর্ক সংকেত
ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে আজ সন্ধ্যা নাগাদ লঘুচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর প্রভাবে ঢাকাসহ ৫ বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অফিস।

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘জাওয়াদ’ ঘিরে আবহাওয়া অধিদফর যে বিশেষ বিজ্ঞপ্তি দিয়ে আসছিল তার ১৪ নম্বর বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেওয়া হয়েছে। 

আবহাওয়া অফিস এক সতর্ক বার্তায় জানায়, সোমবার সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা, রাজশাহী, ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী (২২-৪৩ মি.মি) থেকে ভারী (৪৪-৮৮ মি.মি.) বর্ষণ হতে পারে।

Advertisement

আবহাওয়া অফিস আরো জানায়, সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং বায়ু চাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

জানা গেছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর ও দুর্বল হয়ে বর্তমানে সুস্পষ্ট লঘুচাপ আকারে উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলীয় এলাকায় অবস্থান করছে। 

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। পাশাপাশি এ সিরিজে আর কোনো বিজ্ঞপ্তি দেওয়া হবে না বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!