শিগগিরিই দেখা মিলছে সূর্যের, যা জানালো আবহাওয়া অফিস
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কাটতে শুরু করেছে। একটানা বৃষ্টির ধারাপাতে মঙ্গলবার সকাল থেকেই পড়েছে ছেদ। সে ধারাবাহিকতায় দুপুরের পর মেঘ অনেকটা কেটে গিয়ে ঢাকায় সূযের দেখা মিলতেও পারে।
আবহাওয়া অধিদফতর সূত্রে মঙ্গলবার সকালে এমনটাই জানা গেছে। একই সঙ্গে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে ক্রমান্বয়ে গভীর নিম্নচাপ, নিম্নচাপ, সুস্পষ্ট লঘুচাপ ও শেষে লঘুচাপে পরিণত হয়েছে। এটি লঘুচাপে পরিণত হয়েই বাংলাদেশের ভূ-খণ্ডে প্রবেশ করে। লঘুচাপটিও এরই মধ্যে নিঃশেষ হয়ে গেছে।
.png)
গত দুদিন ধরে রংপুর বিভাগ ছাড়া সব বিভাগেই বৃষ্টি হচ্ছে। টানা বৃষ্টিতে জনজীবন অনেকটাই স্থবির হয়ে পড়েছে। গত দুদিন ধরে ঢাকায় সূর্যের দেখা মেলেনি। মঙ্গলবার সকালেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে ঢাকায়। তবে বেলা বাড়তেই বৃষ্টি থেকে গেলেও আকাশ মেঘলা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত ও অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত বহাল আছে। তবে দুপুরের দিকে সমুদ্রবন্দরগুলোর ওপর থেকে সতর্ক সংকেত নামিয়ে ফেলা হতে পারে বলে আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে।