ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশজুড়ে ভেজালবিরোধী অভিযানে পৌনে ১৪ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক 
প্রকাশিত: ০০:৩৮, ১২ এপ্রিল ২০২২
দেশজুড়ে ভেজালবিরোধী অভিযানে পৌনে ১৪ লাখ টাকা জরিমানা
ছবি: সংগৃহীত

দেশজুড়ে নিত্যপণ্যের বাজারে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। সোমবার দিনব্যাপী অভিযানকালে বিভিন্ন অপরাধে ১৪৮টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৭২ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদফতর জানায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়ের ৬১ জন কর্মকর্তার নেতৃত্বে ঢাকা মহানগরসহ দেশের ৫৮টি জেলায় বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। 

ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ঢাকা মহানগরের কারওয়ান বাজার ও মোহাম্মদপুর কৃষি বাজারসহ দেশব্যাপী মোট ৬৪টি বাজার ও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান পরিচালিত হয়। বাজার তদারকি কার্যক্রমের মাধ্যমে ভোক্তা-স্বার্থবিরোধী বিভিন্ন অপরাধে ১৪৫টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট, প্যাম্ফলেট বিতরণসহ হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।

Advertisement

এদিকে, লিখিত অভিযোগ নিষ্পত্তির মাধ্যমে তিনটি প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। একইসঙ্গে তিন অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ হিসেবে ছয় হাজার টাকা প্রদান করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (ক্যাব) সংশ্লিষ্ট শিল্প বণিক সমিতির প্রতিনিধিরা অধিদফতর পরিচালিত এসব বাজার অভিযানে সহযোগিতা করেন।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এর মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেন তারা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!