নগর পরিচ্ছন্ন রাখার আহ্বান মেয়র আতিকের
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার সন্ধ্যায় এক বার্তায় ঈদ শুভেচ্ছা জানান তিনি। এ সময় ঈদে আনন্দের পাশাপাশি নগরবাসীকে নিজ নিজ বাড়ি, ফ্ল্যাট, ছাদ, গ্যারেজ, বাগান ও অন্যান্য স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন মেয়র মো. আতিকুল ইসলাম।
তিনি বলেন, আমাদের প্রিয় শহর ঢাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। এ শহরকে নোংরা করা যাবে না। নিজেদের সুস্থ ও নিরাপদ রাখতে আমাদের এ শহরকে পরিষ্কার রাখতে হবে।
.png)
মেয়র আতিক বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নগরবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মাসব্যাপী সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে এসেছে পবিত্র ঈদুল ফিতর। মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক।
ডিএনসিসি মেয়র বলেন, ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে রয়েছে শান্তি ও ভালোবাসা। ঈদ হলো সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদের খুশি ভাগাভাগির মাঝেই প্রকৃত আনন্দ।