ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

ভোটের মাঠের সহিংসতা রোধ রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব: সিইসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৫, ১৭ জুলাই ২০২২
ভোটের মাঠের সহিংসতা রোধ রাজনৈতিক দলগুলোরও দায়িত্ব: সিইসি
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে নির্বাচন কমিশনের সংলাপ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ভোটের মাঠের সহিংসতা রোধে রাজনৈতিক দলগুলোকেও দায়িত্ব নিতে হবে। কারণ ভোটের মাঠের খেলোয়াড় হচ্ছে রাজনৈতিক দল।

রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) সঙ্গে সংলাপে তিনি এসব কথা বলেন। 

রাজনৈতিক দলের উদ্দেশ্যে সিইসি বলেন, ভোটের মাঠের সহিংসতা রোধে আপনাদের দায়িত্ব নিতে হবে। কারণ আপনারা মাঠে যাবেন। মাঠে খেলবেন, আমরা রেফারি।

Advertisement

কাজী হাবিবুল আউয়াল বলেন, এর আগে আমরা বহুবার বলেছি- সব রাজনৈতিক দল বিশেষত প্রধানতম দলগুলোর নির্বাচনে অংশ নেয়া খুবই প্রয়োজন। কোনো দলকে নির্বাচনে অংশগ্রহণ করতে অবশ্যই বাধ্য করতে পারব না। তবে সব দলকে কার্যকরভাবে অংশগ্রহণ করতে আমরা বারবার আহ্বান করে যাব। সে প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজও আপনাদের মাধ্যমে সব দলকে আহ্বান জানাচ্ছি সক্রিয়ভাবে নির্বাচনে অংশগ্রহণ করতে। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতা না থাকলে জনমতের সঠিক প্রতিফলন হয় না। পক্ষ-প্রতিপক্ষের সক্রিয় অংশগ্রহণ ও প্রতিদ্বন্দ্বিতায় মাঠ পর্যায়ে অনুষ্ঠিত নির্বাচনে সম্ভাব্য অনিয়ম, কারচুপি, দুর্নীতি, অর্থ শক্তির বৈভব ও পেশি শক্তির প্রয়োগ এবং প্রভাব বহুলাংশে নিয়ন্ত্রিত হতে পারে। নির্বাচন কমিশন সবার অংশগ্রহণ, সহযোগিতা ও সমর্থন নিয়ে নির্বাচন করতে চায়।

তিনি আরো বলেন, ইভিএম নিয়ে ৫-৭টি কর্মশালা করার পর রাজনৈতিক দলের সঙ্গে এবং বিশেষজ্ঞদের উপস্থিতিতে উন্মুক্ত সভা করেছি। কেউ কোনো ত্রুটি দেখাতে পারেননি। 

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, আমরা নির্বাচন করতে চাই অনুকূল পরিবেশ ও শক্ত ভিত্তির ওপর। এজন্য সবার সহায়তা কাম্য। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!