ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

একদিনে রেকর্ড ৬৩৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:০৪, ১ অক্টোবর ২০২২
একদিনে রেকর্ড ৬৩৫ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি
ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রেকর্ড ৬৩৫ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে গত ২৮ সেপ্টেম্বর দেশে একদিনে সর্বোচ্চ ৫২৪ ডেঙ্গুরোগী শনাক্ত হয়েছিল। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ২ হাজার ১৫৮ জনে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

Advertisement

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৬৩৫ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৫১৮ এবং ঢাকার বাইরে ১১৭ জন। নতুন ৬৩৫ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ১৫৮ জনে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ১৬ হাজার ৭২৭ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১৪ হাজার ৫১৩ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর ফলে এ নিয়ে ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ৫৬ জনের। এবছর ২১ জুন ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। একই বছর দেশব্যাপী ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!