পাটের ব্যাগের ব্যবহার তদারকির পরামর্শ সংসদীয় কমিটির
আইন অনুযায়ী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে পাটের তৈরি ব্যাগের ব্যবহার আছে কিনা, তা তদারকির পরামর্শ দিয়েছে সংসদীয় কমিটি।
মঙ্গলবার জাতীয় সংসদের সরকারি প্রতিষ্ঠান কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। কমিটির সভাপতি আ স ম ফিরোজের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত এ বৈঠকে কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান এবং নারায়ণ চন্দ্র চন্দ বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে পাট পণ্যের দেশীয় ও আন্তর্জাতিক চাহিদা পূরণে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশনের (বিজেএমসি) সামগ্রিক অবদান, বিজেএমসির আওতাধীন পাটকলগুলোর বিদ্যমান অবকাঠামো ও সম্পদের যথাযথ ব্যবহার, নিজস্ব অথবা ইজারার আওতায় পরিচালিত পাটকলগুলোর বাণিজ্যিক পরিচালন এবং বার্ষিক রিপোর্টের উল্লেখযোগ্য বিষয়ে কমিটিকে অবহিত ও পর্যালোচনা করা হয়।
.png)
বিজেএমসির প্রকাশিত সর্বশেষ আর্থিক হিসাবের উল্লেখযোগ্য আর্থিক ও ব্যবস্থাপনাগত বিষয়, পাটকলওয়ারি বিগত তিন অর্থ বছরের স্থিতিপত্র, আয়-ব্যয়ের হিসাব, লাভ-লোকসান হিসাবের তুলনামূলক তথ্য কমিটিতে উপস্থাপন ও আলোচনা হয়।
বৈঠকে দেশের পাটকল ও পাট শিল্পের বর্তমান সংকট উত্তরণে করণীয়, পাট গবেষণা, পাটকলগুলো আধুনিকীকরণ ও পাটজাত পণ্য বহুমুখীকরণে বিজেএমসির কার্যক্রম ও পরিকল্পনা এবং বিজেএমসির আওতাধীন পাটকলগুলোর বিগত ১০ বছরের সিএজির রিপোর্টভুক্ত অনিষ্পন্ন অডিট আপত্তির হালনাগাদ অগ্রগতির সুপারিশ সম্বলিত বিষয়গুলোর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া এ বিষয়ে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিলের মতামত নিয়ে পরবর্তী কোনো এক বৈঠকে উপস্থানের জন্য সুপারিশ করে কমিটি।
পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে পাটের তৈরি ব্যাগ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ উৎপাদন করছে এবং তা ব্যবহার অব্যাহত আছে কিনা ও ব্যবহার বাড়ানো যায় কিনা, তা তদারকি করার জন্য বৈঠকে পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, বিজেএমসির চেয়ারম্যান, বিভিন্ন সংস্থাপ্রধানসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।