ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

জঙ্গি মোকাবিলায় নতুন বছরে আমরা প্রস্তুত: র‌্যাব ডিজি

নিজস্ব প্রতিবেদক:
প্রকাশিত: ০৩:১৫, ১ জানুয়ারি ২০২৩
জঙ্গি মোকাবিলায় নতুন বছরে আমরা প্রস্তুত: র‌্যাব ডিজি
ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, জঙ্গি মোকাবিলায় আমরা সবসময় শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত। নতুন বছরে জঙ্গিরা আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তবে কোনো সংকট তৈরি হলে সেটি মোকাবিলায় আমাদের প্রস্তুতি রয়েছে।

শনিবার রাতে গুলশান ২ নম্বর মোড়ে নতুন বছর উদযাপন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

র‍্যাব মহাপরিচালক বলেন, গোয়েন্দা সংস্থার সদস্যরাও আমাদের বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করছেন। আমরা সে অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থা সাজিয়ে থাকি।

Advertisement

গুলশান ও বারিধারাকেন্দ্রিক বাড়তি নিরাপত্তার পেছনে কোনো ধরনের হুমকি রয়েছে কিনা, জানতে চাইলে র‍্যাব ডিজি বলেন, গুলশান এলাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ এলাকা। এ এলাকায় দূতাবাস, ফাইভ স্টার হোটেল, সমাজের উচ্চবিত্তদের বসবাস রয়েছে। সবকিছু বিবেচনা করে আমরা বাড়তি নিরাপত্তা দিচ্ছি।

বাড়তি নিরাপত্তা উৎসবে কোনো বাধা সৃষ্টি করছে কিনা- এমন প্রশ্নে তিনি বলেন, মাদকসেবন ও উচ্ছৃঙ্খল আচরণ ঠেকানোর জন্য আমরা মাঠে আছি। এজন্যই আমরা একটু কঠোরতা নিয়ে থাকি। সারাদেশে মানুষ উৎসব করবে। নিয়মের মধ্যে থেকেই উৎসব করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/সালি
লিংক সফলভাবে কপি হয়েছে!