ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে হাসপাতালে ৪৮
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের নিয়ে বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ২৩৭ জনে। তবে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৪৮ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ১৭ জন ও ঢাকার বাইরের ৩১ জন।
.png)
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের প্রথম তিনদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১২৭ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৬০ জন ও ঢাকার বাইরের ৬৭ জন।
অন্যদিকে, এই সময়ের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়েছেন ১১০ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৭৫ জন এবং ঢাকার বাইরের ৩৫ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। নতুন বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
বিদায়ী বছরে (২০২২ সালে) ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
২০২২ সালে ডেঙ্গুতে বছরের প্রথম মৃত্যু হয় জুলাই মাসে। জুলাইয়ে মারা যান ৯ জন। এরপর আগস্টে ১১, সেপ্টেম্বরে ৩৪, অক্টোবরে ৮৬, নভেম্বরে ১১৩ ও ডিসেম্বরে ২৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।