ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

টাকা ফেরত দিতে গড়িমসি : হজ এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১০, ৭ জানুয়ারি ২০২৩
টাকা ফেরত দিতে গড়িমসি : হজ এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা
ফাইল ফটো

তিন হজযাত্রীর কাছ থেকে টাকা নেয়ার পর সে টাকা ফেরত দিতে গড়িমসি করার কারণে একটি হজ এজেন্সিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সম্প্রতি এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনকে দুই লাখ টাকা জরিমানা করে প্রজ্ঞাপন জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

এতে জানানো হয়েছে, নাছিমা আক্তার নামে একজন হজযাত্রী অভিযোগ করেছেন, ২০২০ সালে তিনি, তার মেয়ে এবং তার বড় ছেলেসহ তিনজনের মোট ১৫ লাখ টাকার বিপরীতে ৯ লাখ টাকা এজেন্সির কর্ণধার নাসির উদ্দিনকে অগ্রিম পরিশোধ করেন। পরে ২০২০ ও ২০২১ সালে করোনার কারণে হজ অনুষ্ঠিত না হওয়ায় অর্থ ফেরত চাইলে এজেন্সি কিস্তিতে সাড়ে তিন লাখ টাকা ফেরত দিলেও অবশিষ্ট সাড়ে পাঁচ লাখ টাকা ফেরত দেয়নি।

Advertisement

অভিযোগের বিষয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় এজেন্সির মালিককে। লিখিত জবাব দেওয়া ছাড়াও এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির শুনানিতে হাজির হয়েও স্বীকারোক্তি দিয়েছেন মালিক নাসির উদ্দিন। 

এরপরও প্রাপ্য অর্থ ফেরত দিতে টালবাহানা করেন তিনি। পরে ভুক্তভোগী অভিযোগ দায়ের করতে বাধ্য হন এবং তদন্ত কমিটি অভিযোগকারীর অভিযোগ সত্য বলে নিশ্চিত হয়ে প্রতিবেদন দাখিল করেছে।

এজন্য ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা আইন, ২০২১’ অনুযায়ী এন জেড ফাউন্ডেশন অ্যান্ড হজ মিশনকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এতে আরো বলা হয়, জরিমানার অর্থ দ্রুত সরকারি কোষাগারে জমা দিয়ে চালানের মূল কপি ধর্ম মন্ত্রণালয়ের হজ অনুবিভাগে দাখিল করতে হবে। অন্যথায় এজেন্সির ইউজার আইডি ও পাসওয়ার্ড বন্ধ করে দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: জরিমানা হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!