ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠাবে ডিএনসিসি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৪, ১২ ফেব্রুয়ারি ২০২৩
বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠাবে ডিএনসিসি
ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে অনুষ্ঠিত দ্বিতীয় পরিষদের ২০তম কর্পোরেশন সভায় বক্তব্য রাখেন মেয়র আতিকুল ইসলাম

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বুধবার ডিএনসিসির প্রধান কার্যালয় নগরভবনে অনুষ্ঠিত দ্বিতীয় পরিষদের ২০তম কর্পোরেশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

কর্পোরেশন সভার শুরুতে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের জন্য ডিএনসিসি মেয়র মানবিক সহায়তার বিষয়টি উল্লেখ করলে সব কাউন্সিলর এতে সমর্থন দেন এবং কাউন্সিলররাও ব্যক্তিগত পক্ষ থেকে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

Advertisement

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্ক বাংলাদেশের কাছ থেকে মানবিক সহায়তা চেয়েছে। ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে মানুষের খাবারের ও ওষুধের অভাব। প্রচণ্ড শীতে সেখানে শীতের পোশাক খুব প্রয়োজন। এই কঠিন সময়ে তুরস্কের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য আমরা ডিএনসিসি থেকে মানবিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াবো। আমরা শীতের কাপড়, খাদ্যসামগ্রী ও ওষুধ প্রেরণ করবো। এছাড়া কাউন্সিলরদের তাদের ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যমতো সহায়তার আহ্বান করছি। দ্রুতই আমরা ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি (টিকা) অফিসে এসব সহায়তা সামগ্রী পৌঁছে দেব।

উল্লেখ্য, তুরস্কের দক্ষিণাঞ্চলে ভয়াবহ ভূমিকম্পে সৃষ্ট মানবিক সংকটের প্রেক্ষাপটে তুরস্ক সহায়তার অংশ হিসেবে বাংলাদেশের কাছ থেকে শীতের কাপড়, খাদ্যসামগ্রী ও ওষুধ চেয়েছে। তবে দেশটি নগদ কোনো অর্থসহায়তা নেবে না। ঢাকার টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সি-টিকা অফিস এসব সহায়তা নেবে। তারা এসব সামগ্রী তুরস্কে পাঠাবে। ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বৃহস্পতিবার বিকেলে তার দফতরে সাংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সভায় ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিকের সঞ্চালনায় প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর এস এম শরিফ-উল ইসলামসহ ডিএনসিসির সব বিভাগীয় প্রধান ও কাউন্সিলর এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ/আরআই
ট্যাগ: ডিএনসিসি
লিংক সফলভাবে কপি হয়েছে!