মামলা জট কমাতে বিচারকরা সচেষ্ট: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, মামলার জট কমাতে বিচারকরা সাধ্যমতো চেষ্টা করে যাচ্ছেন। সেই সঙ্গে তাদের দ্রুত ন্যায় বিচারের ব্যবস্থা করতে বলা হয়েছে।
বুধবার ঝিনাইদহ জেলা দায়রা জজ আদালত প্রাঙ্গনে বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ন্যায়কুঞ্জ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, কোর্টে আগত বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য আমরা কাজ করছি। সারাদেশে যত কেস ফাইল হচ্ছে, সমাধানের গতিও তত বেশি হচ্ছে।
.png)
আইনজীবীদের সহযোগিতা চেয়ে তিনি বলেন, আদালতকে সহায়তা করলে সব সমস্যা দূর হয়ে যাবে।
প্রধান বিচারপতি জানান, বিচার প্রার্থীদের কষ্ট লাঘবের জন্য জেলায় জেলায় নির্মাণ করা হচ্ছে ন্যায়কুঞ্জ নামক বিশ্রামাগার। এ জন্য সরকার ৩৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছেন। ন্যায়কুঞ্জ নির্মাণে প্রতি জেলায় ৫০ লাখ টাকা করে দেওয়া হবে।
পরে প্রধান বিচারপতি আদালত চত্বরে গাছের চার রোপণ ও জেলা আইনজীবী সমিতির সদস্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন- সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার তোফায়েল হাসান, জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নাজিমুদ্দৌলা, জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান, অন্য বিচারকসহ জেলা আইনজীবী সমিতির সভাপতি রবিউল ইসলাম, সাধারণ সম্পাদক আকিদুল ইসলামসহ জেলার আইনজীবীরা।