উৎসব-আনন্দে সারাদেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন
সারাদেশে আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
পরিবার ও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে এরই মধ্যে রাজধানী ঢাকা ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরেছেন প্রায় অর্ধকোটি মানুষ। খুশির ঈদ ঘিরে ঘরে ঘরে সাধ্যমতো আয়োজন করা হয় নানা ধরনের সুস্বাদু খাবার।
এদিন সকালে সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ মাঠে বিপুল-সংখ্যক মুসল্লির অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি রুহুল আমীন।
একই দিন সকালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সকাল সাড়ে ৭টা থেকে পবিত্র ঈদুল ফিতরের পাঁচটি জামাত অনুষ্ঠিত হয়। এতে বিপুল-সংখ্যক মুসল্লি অংশ নেন।
প্রতিবছরের মতো এবারও দেশের সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে। তিন ধাপে বন্দুকের গুলির আওয়াজে সকাল ১০টায় ১৯৬তম ঈদ জামাত শুরু হয় শোলাকিয়ায়।
আজ সারাদেশে ঈদ জামাত শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে দোয়া মোনাজাত করা হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তাপপ্রবাহ থেকে স্বস্তি পেতে ও বৃষ্টি প্রার্থনা করে ঈদের জামাতে বিশেষ দোয়া করা হয়।
ঈদ উদযাপন উপলক্ষে দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, প্রবীণ নিবাস, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, সেফ হোমস, ভবঘুরে কল্যাণ কেন্দ্র, দুস্থ কল্যাণ ও মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নতমানের খাবার পরিবেশনের ব্যবস্থা করা হয়।দুপুরের পর থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন বিনোদনকেন্দ্রে মানুষের ঢল নামে। এছাড়াও অনেকে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যান।