সব বিভাগে ঝড়ের পূর্বাভাস, শিলাবৃষ্টির শঙ্কা
দেশে টানা ১৯ দিন পর কেটেছে তাপপ্রবাহ। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা আগামী দুদিনের মধ্যে কমে ফের তাপমাত্রা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
এছাড়া ঐ পূর্বাভাসে বলা হয়, দেশের সব বিভাগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হতে পারে। এছাড়া কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদফতরের তথ্যানুযায়ী, ৩৬ থেকে ৩৮ ডিগ্রিকে মৃদু, ৩৮ থেকে ৪০ ডিগ্রিকে মাঝারি ও ৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়ে বেশি তাপমাত্রাকে তীব্র তাপপ্রবাহ বলা হয়।
.png)
রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ বার্তা দেওয়া হয়েছে।
এতে সিনপটিক অবস্থা নিয়ে বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
২৪ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।
তাপমাত্রা নিয়ে পূর্বাভাসে জানানো হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পরবর্তী ৪৮ ঘণ্টার আবহাওয়ার অবস্থা নিয়ে পূর্বাভাসে বলা হয়েছে, বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে।
এছাড়া বর্ধিত পাঁচদিনের আবহাওয়ার তাপমাত্রা বাড়তে পারে।