বাংলাদেশ-সুইডেন বন্ধুত্ব অটুট থাকবে: সুইডিশ রাষ্ট্রদূত
সুইডেনের রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেছেন, বাংলাদেশ ও সুইডেনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক রয়েছে। এ সম্পর্ক ভবিষতেও অটুট থাকবে।
সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নাটোরের বাগাতিপাড়া উপজেলার বিভিন্ন আম বাগান পরিদর্শন করে এ কথা বলেন তিনি।
সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে বলেন, এ উপজেলায় আমাদের কার্যক্রম চলমান রয়েছে। এখানে অনেক আগে সোয়ালেজ নামে একটি প্রকল্প কার্যক্রম কাজে সহযোগিতা করা হয়েছে। এ ধারাবাহিকতায় মুক্ত খামারের পরির্দশনে এসেছি। অনেক ভালো লেগেছে।
.png)
স্থানীয় স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামারের আমন্ত্রণে এ সফরে আসেন সুইডেন রাষ্ট্রদূত আলেকজান্দ্রা বার্গ ভন লিন্ডে। এ সময় আমপাড়ার পদ্ধতি দেখে মুগ্ধ হন তিনি।
স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান মুক্ত খামার জানায়, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে মুক্ত খামার পরিচালিত কাউ ফাউন্ডার ইনিশিয়েটিভ (সিএফআই) প্রকল্পসহ খামারের আমন্ত্রণে সুইডেনের রাষ্ট্রদূত বাগাতিপাড়ায় আসেন। এ সময় বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা সরকার ফুলেল শুভেচ্ছা জানান সুইডেনের রাষ্ট্রদূতকে। এ সময় তিনি নিজে ভ্যানগাড়ি চালান। পরে তিনি উপজেলার নওশেরা গ্রামে অবস্থিত ব্রিটিশ শাসনামলের নির্মিত নীলকরের স্মৃতিচিহ্ন কলকুঠির পরিদর্শন করেন। এরপর মুক্ত খামারের কার্যক্রম ও খামারি সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।
মুক্ত খামারের পরিচালক আরিফুল ইসলাম কনক জানান, সুইডেনের সিএফআই এবং তাদের যৌথ বিনিয়োগে মুক্ত খামার পরিচালিত হয়ে থাকে। মূলত তারা সেই প্রকল্পটি সরেজমিন দেখতে এসেছেন। এ প্রকল্পের কার্যক্রম কীভাবে আরো বাড়ানো যায় সেই বিষয়গুলো তারা পরিদর্শন করতে এসেছেন।
এ সময় তার সফরসঙ্গী ছিলেন-সুইডিশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আন্না এসভেন্টসন, হেড অব অ্যাডমিন জ্যাকব ইটাট, ইন্টার্ন লিন ডাভরিন।