গ্রাহকদের উদ্দেশে সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রকাশ করল বিআরটিএ
গ্রাহকদের প্রতারণা থেকে বাঁচতে নিজের অ্যাকাউন্ট ব্যবহার করে মোটরযানের কর ও ফি-সহ সব লেনদেন করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
সোমবার বিআরটিএ’র ওয়েবসাইটে প্রকাশিত ‘দালাল চক্র হতে সাবধান সংক্রান্ত বিআরটিএ’র সতর্কীকরণ বিষয়ক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, গ্রাহকদের মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত সেবা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য মোটরযানের কর ও ফি পরিশোধকালে (যেমন, অনুমিত আয়কর, অগ্রিম আয়কর, ভ্যাট, সম্পূরক কর ইত্যাদির অর্থ) নির্ধারিত ব্যাংক কাউন্টার অথবা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) বা ব্যাংক কার্ডের মাধ্যমে জমা দিতে হয়। এক্ষেত্রে তৃতীয় পক্ষ বা কোনো দালালের মাধ্যমে অর্থ প্রদান করলে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকে।
.png)
সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, বিআরটিএ সংশ্লিষ্ট সব অর্থ অনলাইনে প্রদানকালে মালিকের নিজস্ব ব্যাংক কার্ড বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের (MFS) হিসাব/অ্যাকাউন্ট ব্যবহার করার জন্য অনুরোধ করা যাচ্ছে। প্রয়োজনে বিআরটিএ’র ওয়েবসাইট ভিজিট করে সব বিষয় অবহিত হওয়ার জন্য কিংবা বিআরটিএ অফিসে সরাসরি যোগাযোগ করে পরামর্শ গ্রহণের অনুরোধ করা হলো।