ডেঙ্গুতে দুই মৃত্যু, হাসপাতালে ৮২০
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮২০ জন রোগী।
শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮২০ জন (একদিনে সর্বোচ্চ) রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৩ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২১৭ জন।
.png)
এতে আরো বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ২৫০২ জন ডেঙ্গুরোগী চিকিৎসাধীন। ঢাকার ৫৩টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১৭৭৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৭২৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১২ হাজার ১১৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ৮ হাজার ৫৭৪ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫৪৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ হাজার ৫৪৯ জন। এর মধ্যে ঢাকায় ৬ হাজার ৭৫০ এবং ঢাকার বাইরে ২ হাজার ৭৯৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৬৭ জনের মৃত্যু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।