বুধবার আবহাওয়া অধিদফতর সূত্রে জানা গেছে, এ সময় দেশের অন্যান্য এলাকার তুলনায় উত্তরাঞ্চলে বৃষ্টি কিছুটা বেশি ঝরতে পারে। এছাড়া আজ থেকে উত্তরাঞ্চলের নদ-নদীর পানি কমতে পারে।
আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশির ভাগ জায়গায় আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণও হতে পারে। আগামী দুই দিন বৃষ্টিপাতের এই প্রবণতা অব্যাহত থাকতে পারে।
.png)
আবহাওয়া অধিদফতর জানায়, মঙ্গলবারের তুলনায় বুধবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে। পরের দুই দিনেও (বৃহস্পতিবার ও শুক্রবার) বৃষ্টিপাতের একই প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর সামান্য পরিবর্তন হলেও আগামী বুধবার পর্যন্ত একই অবস্থা থাকবে।
তবে চলতি মাসের শুরুতে যেমন অতিবৃষ্টি হয়েছে তেমন কিছু হওয়ার সম্ভাবনা নেই। আগামী এক সপ্তাহ দেশের অন্যান্য অংশের তুলনায় উত্তরের রংপুর, দিনাজপুরের দিকে বেশি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।