রোহিঙ্গা প্রত্যাবাসনে সেপ্টেম্বরে মিয়ানমার যাচ্ছে প্রতিনিধি দল: পররাষ্ট্র সচিব
পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেছেন, পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসনের লক্ষ্যে আগামী সেপ্টেম্বর মাসে একটি প্রতিনিধি দল রাখাইন পরিদর্শনে যাবে। এছাড়া রাখাইনে ফেরানো নিয়ে রোহিঙ্গাদের মনোবল বাড়াতে মিয়ানমারের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্র সচিব বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দলের মিয়ানমার যাওয়ার কথা আছে। সেখানে মহাপরিচালক পর্যায়ে বৈঠক হওয়ার কথা আছে। তারা পরিস্থিতি সরেজমিনে দেখে আসতে পারবে। সম্ভবত তাদের রাখাইন প্রদেশ দেখাবে, সেখানে তারা কী কী ব্যবস্থা করেছে।
.png)
তিনি আরো বলেন, মিয়ানমার থেকে একটি প্রতিনিধি দল এখানে আসবে। তারা ব্যক্তি পর্যায়ে রোহিঙ্গা এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলবে। মিয়ানমার যেসব কথা আমাদের কাছে বলেছে, তা রোহিঙ্গাদের সঙ্গে শেয়ার করলে তাদের মনোবল বাড়বে।
মাসুদ বিন মোমেন বলেন, পাইলট প্রকল্পের আওতায় রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে আমরা তিন হাজারের বেশির তালিকা দিয়েছি। এর মধ্যে ওরা যতজনকে নেয়। একটা পরিবার থেকে যেন ভেঙে না যায় এবং একই এলাকা থেকে হয়, সেটাও দেখতে হবে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল হাজারখানেক। আমরা যে তালিকা দিয়েছি, মিয়ানমার যদি ক্লিয়ারেন্স দেয় তাহলে তালিকাভুক্ত রোহিঙ্গাদের রাখাইনে পাঠানোর চেষ্টা করবো।