ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

বাংলাদেশ আবহমানকাল থেকেই হস্ত ও কারুশিল্পে সমৃদ্ধ: স্পিকার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:২৩, ১৬ সেপ্টেম্বর ২০২৩
বাংলাদেশ আবহমানকাল থেকেই হস্ত ও কারুশিল্পে সমৃদ্ধ: স্পিকার
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী- ফাইল ফটো

বাংলাদেশ আবহমানকাল থেকেই হস্ত ও কারুশিল্পে সমৃদ্ধ উল্লেখ করে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ঐতিহ্যবাহী ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ স্থানীয় হস্তশিল্পের সংরক্ষণ, উন্নয়ন ও প্রচারে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করতে হবে।

শনিবার শ্রীলংকার ক্যান্ডিতে অবস্থিত জাতীয় কারুশিল্প পরিষদের দফতর ও প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, সারাবিশ্বে হস্ত ও কারুশিল্পের চাহিদা রয়েছে। তাই হস্ত ও কারুশিল্পীদের স্বীয় পেশায় সংযুক্ত রাখতে প্রশিক্ষণ প্রদানসহ তাদের অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা বৃদ্ধি করা প্রয়োজন।

Advertisement

বাংলাদেশ ও শ্রীলংকার জনগণের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং হস্ত ও কারুশিল্পে সাদৃশ্য রয়েছে উল্লেখ করে স্পিকার বলেন, হস্ত ও কারুশিল্পে উভয় দেশের মধ্যে বর্তমানে বিদ্যমান সম্প্রীতি ও সহযোগিতা বাড়াতে জোর দিতে হবে।

জাতীয় কারুশিল্প পরিষদের দফতর ও বাটিক, রাশ ও রিড, হ্যান্ডলুম এবং ববিন লেস প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনের সময় প্রশিক্ষণার্থীরা স্পিকার বাটিক কাপড়সহ বিভিন্ন পণ্য তৈরির প্রক্রিয়া ব্যাখ্যা করেন। 

এ সময় তিনি প্রশিক্ষণার্থীদের সঙ্গে বাস্তব অভিজ্ঞতা বিনিময় করেন এবং তাদের কার্যক্রমের প্রশংসা করেন।

পরিদর্শনের সময় শ্রীলংকায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার তারেক মো. আরিফুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের উপসচিব মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীসহ জাতীয় কারুশিল্প পরিষদের কর্মকর্তারা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/এএল/এএল/ আরএইচ/আরআই
ট্যাগ: স্পিকার
লিংক সফলভাবে কপি হয়েছে!