ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা: ইসি আনিছুর

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৯, ২৬ নভেম্বর ২০২৩
নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ হলে ব্যবস্থা: ইসি আনিছুর
ফাইল ফটো

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, দ্বাদশ জাতীয় নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য করতে হবে। এক্ষেত্রে প্রশাসনের কারো কোনো প্রকার পক্ষপাতমূলক আচরণ কিংবা শৈথিল্যের কারণে নির্বাচন প্রশ্নবিদ্ধ হলে তার বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

রোববার চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।

ইসি আনিছুর বলেন, আমরা একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং অবাধ নির্বাচন করতে চাই। সেজন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টিতে যা যা করা প্রয়োজন, সবই করা হচ্ছে। এ বিষয়ে এখনো কেউ কিছু বলেনি। এরই মধ্যে অনেক দল নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছে। আশা করা যায়, এবারের নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

Advertisement

তিনি আরো বলেন, এবারের নির্বাচন শুধু আমরা দেখছি না, বিশ্ববাসীও দেখছে। সুতরাং, নির্বাচনকে গ্রহণযোগ্য করার কোনো বিকল্প নেই।

এই নির্বাচন কমিশনার বলেন, ভোটারদের কেন্দ্রের প্রতি আকৃষ্ট করা প্রার্থীদের কাজ। এটা নির্বাচন কমিশন, নির্বাচন কর্মকর্তা বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। তবে কেউ ভোটারদের ভয়-ভীতি দেখানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। এছাড়া কেউ নির্বাচন বানচালের অপচেষ্টা করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!