ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তিন বিভাগে বৃষ্টির পূর্বাভস দিল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:১২, ২৩ ডিসেম্বর ২০২৩
তিন বিভাগে বৃষ্টির পূর্বাভস দিল আবহাওয়া অফিস
ফাইল ফটো

মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় দেশের তিন বিভাগে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরো বলা হয়েছে, রাতের তাপমাত্রাও কিছুটা বাড়তে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ অবস্থায় শনিবার সন্ধ্যা থেকে আগামী সোমবার সন্ধ্যা পর্যন্ত ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-য়েক জায়গায় হালকা বৃষ্টি অথবা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে।

Advertisement

এসময় দেশের অন্যান্য জায়গায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।  
 
এদিকে সারাদেশে শনিবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে রোববার থেকে সোমবার পর্যন্ত সারাদেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

তবে সোমবার সন্ধ্যা থেকে বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। ঐদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যান্য জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। এসময় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টি
লিংক সফলভাবে কপি হয়েছে!