শনিবার দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে
শনিবার (২৩ ডিসেম্বর) সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার (২২ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তর থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা, এছাড়া দেশের অন্যান্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
এদিকে শনিবারের পূর্বাভাসে বলা হয়, সিলেট বিভাগের দুই এক জায়গায় হালকা বৃষ্টি বা গুঁড়িগুঁড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
.png)
মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা এবং মধ্যাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্য এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেতুলিয়ায় ৯ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দিনাজপুরে ১২ দশমিক ২, রাজারহাটে ১২ দশমিক ৫, বরিশালে ১২ দশমিক ৯, ডিমলা, ভোলা, বদলগাছি ও নিকলিতে ১৩, রাঙামাটিতে ১৩ দশমিক ২, সীতাকুণ্ডে ১৩ দশমিক ৩, সৈয়দপুর ও খেপুপাড়া ১৩ দশমিক ৪, যশোরে ১৩ দশমিক ৬, চুয়াডাঙ্গা ও ঈশ্বরদীতে ১৩ দশমিক ৫, মাদারীপুর ও গোপালগঞ্জে ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।