শিক্ষা ছাড়া সমৃদ্ধ জাতি বিনির্মাণ সম্ভব নয়: কেসিসি মেয়র
খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, বই উৎসব একটি সুন্দর ও মহৎ উদ্যোগ। এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি হয়েছে। শিক্ষা ছাড়া সমৃদ্ধ জাতি বিনির্মাণ সম্ভব নয়।
সোমবার খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজ প্রাঙ্গণে পাঠ্যপুস্তক উৎসবের নতুন বই বিতরণ, বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ এবং মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
কেসিসি মেয়র বলেন, সবার জন্য শিক্ষার সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে দেশে বছরের প্রথম দিনে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মাঝে ২০১০ সাল থেকে এ পর্যন্ত বিনামূল্যে নতুন পাঠ্যবই বিতরণ করে আসছে বর্তমান সরকার। ২০১০ সালে প্রায় ১৯ কোটি বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।
.png)
তিনি বলেন, সরকার আন্তর্জাতিক মানের শিক্ষা ব্যবস্থা চালু করেছে। এর ফলে এখন শিক্ষার্থীরা নতুন কারিকুলামে হাতে-কলমে শিক্ষা গ্রহণ করতে পারবে। এজন্য শিক্ষার্থীদের কোচিং করার প্রয়োজন হবে না। নতুন কারিকুলামে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা সুফল পাবে। শিক্ষার্থীদের যোগ্য করে গড়ে তুলতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
খুলনা কলেজিয়েট গার্লস স্কুল ও কেসিসি উইমেন্স কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. তৌহিদুজ্জামান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় কলেজের পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট জেসমিন পারভীন জলি, অভিভাবক সদস্য ডা. মোয়াজ্জেম হোসেন, মো. শহিদুল ইসলাম, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।