ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর

৬ মাসে ৫৩৭৪ অভিযান, জরিমানা আদায় পৌনে ৭ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:১৫, ১১ জানুয়ারি ২০২৪
৬ মাসে ৫৩৭৪ অভিযান, জরিমানা আদায় পৌনে ৭ কোটি
ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রথম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) সারাদেশে ৫ হাজার ৩৭৪টি অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় বিভিন্ন অভিযোগে ১১ হাজার ৬৮৫টি প্রতিষ্ঠানকে জরিমানা করে ৬ কোটি ৭৬ লাখ ৪০ হাজার টাকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সভাকক্ষে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য জানান ভোক্তা অধিকারের মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত সচিব এ. এইচ. এম সফিকুজ্জামান।

আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।

Advertisement

সেমিনারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিফতরের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন ডিজি। প্রতিষ্ঠার পর থেকে বিগত বছর পর্যন্ত বাজার তদারকির তথ্যও সেমিনারে তুলে ধরা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের তথ্য অনুসারে, ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর মাস পর্যন্ত গত ১৫ অর্থবছরে সারাদেশে ৭০ হাজার ৮৭৮টি অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন এ অধিদফতর। এসব অভিযানে বিভিন্ন অভিযোগে ১ লাখ ৬৬ হাজার ২৯০টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জরিমানা আদায় করা হয়েছে ১১৪ কোটি ৪৭ লাখ ৫৬ হাজার ১৪২ টাকা।

এ সময় আগামী ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের গৃহীত বিভিন্ন কার্যক্রম গণমাধ্যমের সামনে তুলে ধরেন এ এইচ এম সফিকুজ্জামান।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ আসাদুজ্জামান, পরিচালক (কার্যক্রম ও গবেষণাগার) ফকির মুহাম্মদ মুনাওয়ার হোসেন, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ, অর্থনীতি বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) সভাপতি মোহাম্মদ রেফায়েত উল্লাহ প্রমুখ।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!