বিমানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ
বছরের পর বছর ধরে বিমান বাংলাদেশের বিরুদ্ধে ভোগান্তি আর বেশি ভাড়া নেয়াসহ নানা অভিযোগ রয়েছে যাত্রীদের। এছাড়া দক্ষ ব্যবস্থাপনার অভাবে সরকারি এ সংস্থাটি হারাচ্ছে কাঙ্ক্ষিত রাজস্ব।
বিশেষজ্ঞদের মতে, দায়িত্বে অবহেলাকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেয়া ও দক্ষতার অভাবে বিমান বাংলাদেশ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছে না।
এদিকে দীর্ঘদিনের ঐতিহ্যের গাঁথুনিকে পুঁজি করে বিমান বাংলাদেশ পেরিয়েছে পাঁচ দশক। তবে বাংলাদেশ বিমানের সেবা নিয়ে রেমিট্যান্স যোদ্ধাদের অসন্তুষ্টি বহুদিনের। কিন্তু এখনো বিমান বাংলাদেশ যাত্রীবান্ধব সেবা থেকে পিছিয়ে রয়েছে বলে অভিযোগ প্রবাসীদের।
প্রবাসীদের অভিযোগ, অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলো থেকেও দিগুণ ভাড়া নেয় বিমান বাংলাদেশ। তবুও মেলে না পর্যাপ্ত সুযোগ-সুবিধাও।
তবে লোকসান নয়, সেবায় শীর্ষে থেকে লাভজনক অবস্থানে রয়েছে বিমান- এমন দাবি করেছেন বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শফিউল আজিম।
এভিয়েশন বিশেষজ্ঞ কাজী ওয়াহিদুল হক বলেন, অন্যান্য দেশের এয়ারলাইন্সগুলোতে যাত্রীর সংখ্যা কমে গেলে বা কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহি করতে হয়। কিন্তু বাংলাদেশে সেই উদাহরণ নেই বললেই চলে। এতে বাড়ছে অনিয়মের মাত্রা।
এদিকে মার্কেটিংসহ সহযোগী বিভাগগুলোতে দক্ষ জনবলের অভাব ও ফ্লাইট অবস্থার প্রেক্ষিতে যেকোনো সিদ্ধান্তে বিচক্ষণতা না থাকা বাংলাদেশ বিমানের ব্যবস্থায় নানামুখী সংকট তৈরি হচ্ছে বলে মনে করছেন খাত সংশ্লিষ্টরা।