ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

তাপপ্রবাহের মধ্যেই দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:২২, ৬ এপ্রিল ২০২৪
তাপপ্রবাহের মধ্যেই দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর
ফাইল ফটো

সারাদেশেই গত কয়েকদিন ধরে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে উত্তাপ অনুভূত হচ্ছে অনেকবেশি, রাত ও দিনে ঘাম ঝরে বাড়াচ্ছে অস্বস্তি। এর মধ্যেই দুঃসংবাদ দিলো আবহাওয়া অধিদফতর। তারা বলছে, সহসাই এই অবস্থার পরিবর্তন হচ্ছে না।

শুক্রবার সন্ধ্যায় দেওয়া পূর্বাভাসে আবহাওয়া অধিদফতর বলছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এ অবস্থায় শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে।

পরবর্তী ৪৮ ঘণ্টা সিলেট বিভাগে এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে। এ সময় দেশের অন্যান্য জায়গায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

Advertisement

এদিকে, শুক্রবার রাজশাহীতে দেশের সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এদিন সিলেটে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া ঢাকায় সর্বোচ্চ ৩৪ এবং সর্বনিম্ন ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।

আবহাওয়া অধিদফতর বলছে, সারাদেশে শুক্রবার রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। তবে শনিবার দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, যা পরের দিন রোববার সন্ধ্যা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

এছাড়া রোববার রাত এবং সোমবার দিনে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তবে বর্ধিত ৫ দিন তাপমাত্রা আবারও বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!