তবে আগামী তিনদিন গত কয়েকদিনের তুলনায় স্বস্তির বাতাস বইবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। আর তিনদিন পর অর্থাৎ আগামী ১০ এপ্রিল থেকে আবারো বাড়বে তাপমাত্রা।
রোববার বাংলাদেশ আবহাওয়া অধিদফতর সূত্রে আরো জানা গেছে, চুয়াডাঙ্গা ও পাবনা জেলার ওপর দিয়ে বয়ে যাওয়া তীব্র তাপপ্রবাহ কিছুটা কমবে। সারাদেশের তাপমাত্রাই কমবে। আগামী ১০ এপ্রিল থেকে আবারো সারাদেশে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। সে হিসেবে এবার ঈদের দিন (১০ বা ১১ এপ্রিল-চাঁদ দেখার ওপর) বৃষ্টি থাকবে না, বরং ভ্যাপসা গরম থাকবে।
.png)
এদিকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া অফিস জানায়, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের দু-এক জায়গায় অস্থায়ী দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হওয়ারও সম্ভাবনা রয়েছে।
এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে। এর ফলে পাবনা এবং চুয়াডাঙ্গা জেলায় তীব্র তাপপ্রবাহ, বরিশাল, পটুয়াখালী ও রাঙ্গামাটি জেলাসহ, রাজশাহী ও খুলনা বিভাগের অবশিষ্টাংশ, রংপুর ও ঢাকা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের যে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।