সেবার নামে মিল্টনের অপকর্ম, ছায়া তদন্ত করবে পুলিশ
শিশু ও বৃদ্ধাশ্রমে আশ্রিতদের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি, ডেথ সার্টিফিকেট ইস্যু, মানুষ নির্যাতন, জমি দখলের মতো গুরুতর অভিযোগ ওঠা আলোচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে ছায়া তদন্ত করবে পুলিশ।
মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী ছাব্বীর আহম্মদ গণমাধ্যমকে বলেন, যেহেতু এরকম একটি সংবাদটি আমরা পাচ্ছি, সেহেতু বিষয়টিকে গুরুত্ব দিয়ে আমরা বিভিন্নভাবে তদন্ত করেছি। যদি অপরাধের সঙ্গে সম্পৃক্ততা পাওয়া যায়, তবে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান গণমাধ্যমকে বলেন, তার এখানে যে পরিমাণ মানুষের মৃত্যু হয়, সেই পরিমাণ ডেথ সার্টিফিকেট নিতে হয়। আমি শুনেছি, সে নিজে নিজেই সিল মেরে দিয়ে ডেথ সার্টিফিকেট দিয়ে দিত।
.png)
উল্লেখ্য, মানবতার ফেরিওয়ালা মিল্টন সমদ্দারের বিরুদ্ধে সম্প্রতি শিশু ও বৃদ্ধাশ্রমে আশ্রিতদের অঙ্গ-প্রত্যঙ্গ চুরি, ডেথ সার্টিফিকেট ইস্যু, নির্যাতন, জমি দখলের মতো গুরুতর অভিযোগ ওঠে। এসব অভিযোগের তদন্ত হওয়া উচিত বলে জাতীয় মানবাধিকার কমিশনও মত দিয়েছে।
গত রোববার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ ঘটনার তদন্ত সাপেক্ষে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে সংস্থাটি। এতে বলা হয়, মানবসেবার অন্তরালে মিল্টন সমাদ্দারের কর্মকাণ্ডের যে নির্মম ও বর্বরোচিত চিত্র ফুটে উঠেছে, তা অত্যন্ত ভয়াবহ। মানবসেবা পরম ধর্ম; কিন্তু মানবসেবার নামে মুখোশের আড়ালে রাস্তা থেকে অসুস্থ, অসহায় ও নিরীহ মানুষকে তুলে এনে চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ বিক্রির যে অভিযোগ মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে উঠেছে, তা অত্যন্ত ভীতিকর, ন্যক্কারজনক ও মানবাধিকারের চরম লঙ্ঘন।
মিল্টনের বাড়ি বরিশালের উজিরপুরে। সেখানেও জালিয়াতি করে চার্চের ওপর প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।