ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

দেশে ফিরলেন ৬৫ হাজার ৮৯৩ হাজি, মৃত্যু ৬৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪:২০, ১২ জুলাই ২০২৪
দেশে ফিরলেন ৬৫ হাজার ৮৯৩ হাজি, মৃত্যু ৬৪
ফাইল ফটো

সৌদি আরবে পবিত্র হজ পালন শেষে ৬৫ হাজার ৮৯৩ জন দেশে ফিরেছেন। এবার হজে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশি মারা গেছেন।

বৃহস্পতিবার রাত ৩টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৬৫ হাজার ৮৯৩ জন হাজি । সৌদি আরব থেকে এখন পর্যন্ত ১১৭টি ফিরতি হজ ফ্লাইট দেশে এসেছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮৪টি, সৌদি এয়ারলাইন্সের ৬৫টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্সের ২৮টি। 

Advertisement

চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৬৪ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ৫১ জন এবং নারী ১৩ জন। তাদের মধ্যে মক্কায় ৫০ জন, মদিনায় পাঁচজন, মিনায় সাতজন ও জেদ্দায় দুইজন মারা গেছেন। বৃহস্পতিবার মোহাম্মদ মিয়া (৭৪) নামে একজন মারা গেছেন।

হজ শেষে গত ২০ জুন ফিরতি ফ্লাইট শুরু হয়। ঐদিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট ৪১৭ জন হাজি নিয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ২২ জুলাই পর্যন্ত হাজিদের ফিরতি ফ্লাইট অব্যাহত থাকবে।

এবার হজ পালনে বাংলাদেশ থেকে মোট ৮৫ হাজার ২২৫ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি গেছেন। আগামী বছর বাংলাদেশের জন্য এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রীর কোটা দিয়েছে সৌদি আরব।

কোনো ব্যক্তি সৌদিতে হজ করতে গিয়ে মারা গেলে তার মরদেহ সৌদি আরবেই দাফন করা হয়।পরিবার-পরিজনের কোনো আপত্তি গ্রাহ্য করা হয় না। মক্কায় হজ যাত্রী মারা গেলে তার জানাজার নামাজ হয় মসজিদুল হারামে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: পবিত্র হজ
লিংক সফলভাবে কপি হয়েছে!