ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

যেদিন থেকে বাড়বে বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৪, ১৩ জুলাই ২০২৪
যেদিন থেকে বাড়বে বৃষ্টিপাত, জানাল আবহাওয়া অফিস
ফাইল ফটো

দেশজুড়েই কমবেশি বৃষ্টিপাত হচ্ছে। গতকাল শুক্রবার ঢাকায় সর্বোচ্চ ১৩১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা চলতি মৌসুমের রেকর্ড সর্বোচ্চ বৃষ্টিপাত। 

তবে শনিবার থেকে আগামী ১৮ জুলাই নাগাদ বৃষ্টিপাতের প্রবণতা কমার সম্ভাবনা রয়েছে। এরপর ১৯ জুলাই থেকে আবারও বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

শনিবার আবহাওয়া অধিদফতরের এক সংবাদ সম্মেলনে এমন তথ্যই জানিয়েছেন আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক।

Advertisement

তিনি জানান, চলতি জুলাইয়ে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে আজ থেকে আগামী ১৮ জুলাই পর্যন্ত বৃষ্টিপাতের তীব্রতা কমে আসবে। একই সঙ্গে এ সময়ে গরমের কারণে অস্বস্তিভাব বিরাজ থাকতে পারে। তবে আগামী ১৯ জুলাই থেকে আবারো একটি নতুন স্কেল শুরু হয়ে ধীরে ধীরে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে।

চলতি জুলাইজুড়ে বৃষ্টিপাত থাকবে উল্লেখ করে তিনি বলেন, জুলাই মাস বাংলাদেশে সবচেয়ে বৃষ্টিপ্রবণ মাস। এ মাসে গড়ে ৫৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এমনকি জুলাই মাসে গড়ে প্রায় ২৫ থেকে ২৬ দিন বৃষ্টিপাত হয়ে থাকে।

এদিকে আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী তিনদিন দেশের বেশকিছু অঞ্চলে বৃষ্টিপাত হলেও তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে এ সময়ে দেশের চার বিভাগে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

ডেইলি-বাংলাদেশ/জেডআর
ট্যাগ: বৃষ্টিপাত
লিংক সফলভাবে কপি হয়েছে!