ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৮, ৮ আগস্ট ২০২৪
অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র
ফাইল ফটো

বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত ৮টায় শপথ নেবে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা এই সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। দেশটি আশা করছে, নতুন এই সরকার বাংলাদেশে গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বুধবার বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে (পিটিআই) দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দফতরের একজন মুখপাত্র।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকার-সংক্রান্ত সব সিদ্ধান্তে গণতান্ত্রিক নীতি, আইনের শাসন এবং বাংলাদেশের জনগণের ইচ্ছাকে সম্মান করা উচিত। আমরা বুঝতে পারছি, নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দিতে সম্মত হয়েছেন। আমরা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত। কারণ, এটি বাংলাদেশের জনগণের জন্য গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণ করবে।

Advertisement

এদিকে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার তার দৈনিক সংবাদ সম্মেলনে বলেন, আমরা বাংলাদেশে চলমান ঘটনাবলীর দিকে নজর রাখছি এবং দেশটিতে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে মুহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয়েছে বলে লক্ষ্য করেছি।

বাংলাদেশের দ্রুত অগ্রসরমান ঘটনাবলী নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা মনে করি অন্তর্বর্তী সরকার বাংলাদেশে দীর্ঘমেয়াদি শান্তি ও রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!