ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সংবিধান পুনর্লিখন ছাড়া দলীয়করণের বৃত্ত থেকে বের হওয়া সম্ভব নয়: আলী রীয়াজ

নিজস্ব প্রতিদেবক
প্রকাশিত: ১৮:৪৯, ২৯ আগস্ট ২০২৪
সংবিধান পুনর্লিখন ছাড়া দলীয়করণের বৃত্ত থেকে বের হওয়া সম্ভব নয়: আলী রীয়াজ
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ড. আলী রীয়াজ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড প্রফেসর ও সিজিএসের অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ড. আলী রীয়াজ বলেছেন, একই ব্যক্তি দল ও সরকার প্রধান হওয়াকে সাংবিধানিকভাবে বন্ধ না করলে স্বৈরাচারী তৈরি হওয়ার পথ বন্ধ হবে না।

তিনি বলেন, সংবিধানের পুনর্লিখন ব্যতীত দলীয়করণের এ বৃত্ত থেকে বের হওয়া আদৌ সম্ভব নয়। একইসঙ্গে এটি ছাড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ঠিক করা সম্ভব না। ক্ষমতার এককেন্দ্রীকরণ থেকে বের হয়ে আসার জন্য সব প্রতিষ্ঠানের পুনর্গঠন এখন প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার রাজধানীতে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) সরকারের সংস্কারের অগ্রাধিকার ক্ষেত্রগুলো নিয়ে ধারাবাহিক সংলাপের ঘোষণা দিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

Advertisement

আলী রীয়াজ বলেন, গত ৫ আগস্ট দেশের গুরুত্বপূর্ণ অধ্যায় রচিত হয়েছে। ১৫ বছরের স্বৈরাচারী শাসনের পতন হয়েছে। এটিকে ধরে রাখতে হলে আমাদের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি বলেন, বিগত সময়ে এমন সব নীতিমালা তৈরি করা হয়েছে, যা জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী গোষ্ঠীর মুনাফা অর্জনের উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। ঋণ খেলাপিদের বিচার থেকে রক্ষা করা হয়েছে, যা দেশের অর্থনৈতিক কাঠামোকে কার্যত বিপদাপন্ন করেছে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে একে একে ধ্বংস করা হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তা হিসেবে ছিলেন সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!