ডেঙ্গুতে একদিনে ৩ জনের মৃত্যু, শনাক্ত ১১৪৪
দেশে ডেঙ্গুতে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ১১৪৪ জন।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে ৯৯ জন, চট্টগ্রাম বিভাগে ১৪৪ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ২৫২, ঢাকা উত্তর সিটিতে ২৫৩, ঢাকা দক্ষিণ সিটিতে ১৮৮, খুলনা বিভাগে ৮১ জন রয়েছেন। এ ছাড়া, রাজশাহী বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৩৫ জন, রংপুর বিভাগে ৪৭ এবং সিলেট বিভাগে ১২ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।
.png)
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সবমিলিয়ে ৩২ হাজার ৮২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৬৬ জনের মৃত্যু হয়েছে।
গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন। মারা যান ১ হাজার ৭০৫ জন।