ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সবার মতামতের ভিত্তিতে কাজ করবে সংস্কার কমিশন: বদিউল আলম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৩, ৯ অক্টোবর ২০২৪
সবার মতামতের ভিত্তিতে কাজ করবে সংস্কার কমিশন: বদিউল আলম
ছবি: সংগৃহীত

সবার মতামত নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন কাজ করবে বলে জানিয়েছেন সংস্কার কমিশনের চেয়ারম্যান বদিউল আলম মজুমদার।

বুধবার বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে ইসি সচিবের সঙ্গে বৈঠকের আগে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নির্বাচন কমিশন সংস্কার কমিশনের চেয়ারম্যান বলেন, আগে আমরা বক্তা ছিলাম, এখন আমরা শ্রোতা। আপনাদের কাছ থেকে নতুন নতুন চিন্তা-ভাবনা শুনতে চাই।

Advertisement

তিনি জানান, এই কমিশনের মোট ৮ জন সদস্য রয়েছেন, যার মধ্যে একজন এখনো নির্ধারণ করা হয়নি। আমরা কাজ করার জন্য আপনাদের অভিজ্ঞতা ও আইডিয়া গ্রহণ করবো। বিশেষ করে যারা নির্বাচনি বিষয়ক সাংবাদিকতা করেন, তাদের অভিজ্ঞতা আমাদের জন্য অত্যন্ত মূল্যবান।

নির্বাচনের আইন সংশোধন সম্পর্কে তিনি বলেন, নির্বাচনের সঙ্গে সংবিধান ও বিভিন্ন আইন যুক্ত রয়েছে। আমরা এগুলো পর্যালোচনা করে সুপারিশ করবো। জাতীয় নির্বাচনের আরপিওসহ অন্যান্য আইনগুলোর প্রতিটি বাক্য আমরা মূল্যায়ন করবো এবং প্রয়োজন হলে পরিবর্তন প্রস্তাব করবো।

তিনি বলেন, নির্বাচন কমিশন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। আমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলোকেও কীভাবে আরও নিরপেক্ষ ও কার্যকরী করা যায় সে বিষয়ে সুপারিশ করবো।

প্রবাসীদের ভোট দেওয়ার বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের ভোট দেওয়ার অধিকার নিয়ে আমরা বিশ্লেষণ করবো এবং প্রযুক্তির সহায়তা নেয়া হবে।

বিগত নির্বাচনের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন, আমরা অতীতের নির্বাচনগুলো থেকে শিক্ষা নিতে চাই এবং প্রতিবেশী দেশের অভিজ্ঞতা কাজে লাগানোর চেষ্টা করবো।

বদিউল আলম বলেন, এই কমিশনের কাজের উপর ভিত্তি করে পরবর্তীতে নির্বাচনের রোডম্যাপ তৈরি হবে। এটি আমাদের পবিত্র দায়িত্ব। আমরা শহিদদের রক্তের ঋণ শোধ করতে চাই, তাই সততার সঙ্গে দায়িত্ব পালন করবো।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!