ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]
সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে প্রধান উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহযোগিতা কামনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫:৩২, ২৮ অক্টোবর ২০২৪
বাংলাদেশ-সৌদি সম্পর্ক জোরদারে অর্থনৈতিক সহযোগিতা কামনা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলানের সৌজন্য সাক্ষাৎ- ছবি: সংগৃহীত

বাংলাদেশে আরো বিনিয়োগের জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। সেই সঙ্গে দুই বন্ধুপ্রতীম দেশের মধ্যে সম্পর্ক জোরদার করতে বর্ধিত শক্তি ও অর্থনৈতিক সহযোগিতা কামনা করেছেন তিনি।

সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলানের সঙ্গে সৌজন্য সাক্ষাতে এ আহ্বান জানান তিনি।

ড. ইউনূস বলেন, এখনই সময় সৌদি আরব আমাদের সর্বোত্তম সমর্থন দিতে পারে। এ সময় দুই দেশের সম্পর্ককে অন্যান্য দেশের তুলনায় ‘অনন্য’ ও ‘আলাদা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

Advertisement

সৌদি আরবকে অর্থনৈতিক সহযোগিতার অংশ হিসেবে তারল্য সহায়তা বাড়ানোর জন্য বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে তহবিল জমা রাখার অনুরোধ জানিয়ে তিনি বলেন, এটি হবে অন্তবর্তীকালীন সরকারের প্রতি চমৎকার সহযোগিতার ইঙ্গিত।

সৌদি আরবে আরো দক্ষ ও প্রশিক্ষিত কর্মী পাঠানোর লক্ষ্যে জ্বালানি ও পেট্রোলিয়াম পণ্যের ছাড় সরবরাহ, বাণিজ্য বৃদ্ধি এবং বাংলাদেশি তরুণদের প্রশিক্ষণে সৌদি বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা।

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীদের অবদানের কথা স্বীকার করে রাষ্ট্রদূত আল দুহাইলান বলেন, আরো দক্ষতা অর্জন তাদের আরো ভালো বেতন পেতে এবং দেশে আরো রেমিট্যান্স পাঠাতে সাহায্য করবে।

তিনি আরো বলেন, সৌদি আরব প্রতিদিন গড়ে ৫ হাজার বাংলাদেশি অভিবাসী ও মুসলিম হজযাত্রীকে ভিসা দেয়। ২০২৩ সালে প্রায় অর্ধ মিলিয়ন বাংলাদেশি ওমরাহ হজ পালন করতে সৌদি আরবে গিয়েছিলেন, যা আগের বছরের তুলনায় ৩৭ শতাংশ বেশি।

এদিকে সৌদি রাষ্ট্রদূত বলেন, আমার দেশ বাংলাদেশে আরো বিনিয়োগ করতে আগ্রহী। সৌদি সরকার বাংলাদেশে স্থিতিশীলতা দেখতে চায়।

এ সময় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে পবিত্র কোরআনের অনুলিপি এবং সৌদি আরবের জাতীয় পাখি বাজপাখির প্রতিরূপ উপহার দেন রাষ্ট্রদূত এসা ইউসুফ এসা আল দুহাইলান।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!