আদর্শ রাষ্ট্র গঠনে আলেমদের ভূমিকা অপরিহার্য: ধর্ম উপদেষ্টা
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, আলেমসমাজ হলেন আলোকবর্তিকা। তারা সমাজে আলো বিকিরণ করে। মানুষকে আলোর পথে আহ্বান করে। আদর্শ রাষ্ট্র গঠনে আলেমসমাজের ভূমিকা অপরিহার্য।
সোমবার বিকেলে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে আল জামিয়াতুল ইসলামিয়া আল-আজীজিয়া আনওয়ারুল উলুম মাদ্রাসা মাঠে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মাদ্রাসার গুরুত্ব তুলে ধরে ধর্ম উপদেষ্টা বলেন, মাদ্রাসাগুলো আছে বলেই ইসলাম টিকে আছে, মানুষের মুখে দাঁড়ি ও মাথায় টুপি আছে। রমজান মাসে মসজিদগুলো মুসল্লীতে ভরে যায়। ওলামায়ে কেরামেরা দুর্নীতি করে না, দেশের টাকা বিদেশে পাচার করে না। উপদেষ্টা দুর্নীতিমুক্ত দেশ বিনির্মাণে ওলামায়ে কেরামদেরকে অগ্রণী ভূমিকা রাখার অনুরোধ জানান।
তিনি বলেন, আলেমদের সাথে জনগণের সম্পৃক্ততা আছে। বাংলাদেশে প্রায় সাড়ে তিন লাখ মসজিদ আছে। এসকল মসজিদের মুসল্লীদের সাথে আলেমদের নিবিড় যোগাযোগ আছে। ওলামায়ে কেরামদের এই জনসম্পৃক্ততাকে দেশ গঠনে কাজে লাগাতে হবে।
ড. খালিদ বলেন, উস্তাদের খেদমত ছাড়া কেউ বড় হতে পারে না। জীবনে বড় হতে হলে অবশ্যই উস্তাদের খেদমত করতে হবে। তিনি আরো বলেন, মেধা আল্লাহর দান। এ মেধার সাথে আদব যোগ হলেই মানুষ বড় কিছু হতে পারে। তবে বেয়াদব হলে মেধাবী মানুষও ধ্বংস হয়ে যায়।