ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ জাতীয় ]

সোনার দাম সব রেকর্ড ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৩১, ৩০ অক্টোবর ২০২৪
সোনার দাম সব রেকর্ড ছাড়ালো
ফাইল ফটো

দেশের বাজারে ভরিতে ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪৩ হাজার ৫২৬ টাকা নির্ধারণ করা হয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

বুধবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

এ ছাড়া ২১ ক্যারেটের ভরিপ্রতি সোনা ১ লাখ ৩৭ হাজার ৫ টাকা, ১৮ ক্যারেটের ১ লাখ ১৭ হাজার ৪৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৯৬ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

Advertisement

সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এর বিজ্ঞপ্তি

সোনার নতুন এ দাম বৃহস্পতিবার (৩১ অক্টোবর) থেকে কার্যকর হবে।

বাজুস আরো জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

এর আগে, গত ২২ অক্টোবর দেশের বাজারে সোনার দাম ভরিতে ১ হাজার ৮৯০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৯৫১ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

উল্লেখ্য, চলতি বছরে এখন পর্যন্ত দেশের বাজারে ৪৫ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। যেখানে ২৮ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ১৭ বার। আর ২০২৩ সালে দাম সমন্বয় করা হয়েছিল ২৯ বার।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: রেকর্ড সোনা
লিংক সফলভাবে কপি হয়েছে!